বাংলা নববর্ষকে ঘিরে গ্রামবাংলার ঐতিহ্যবাহী আয়োজন হিসেবে পিরোজপুরের পাটিকেলবাড়ীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বৈশাখী মেলা ও ঘোড়দৌড় প্রতিযোগিতা। নীল পূজা ও পহেলা বৈশাখ উপলক্ষে আগামী ১৪ এপ্রিল ২০২৬, মঙ্গলবার বিকাল ৩টা থেকে গুয়ারেখা ইউনিয়নের পাটিকেলবাড়ী (এগারো গ্রাম স্কুলের পিছনের মাঠে) সর্বজনীন হরিবাসর প্রাঙ্গণে এ আয়োজন করা হয়েছে।
আয়োজক সূত্রে জানা গেছে, মেলার প্রধান আকর্ষণ হিসেবে থাকছে মনোমুগ্ধকর ঘোড়দৌড় প্রতিযোগিতা, যা ইতোমধ্যে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করেছে। পাশাপাশি মেলায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী নানা পণ্যসামগ্রী, খেলনা, হস্তশিল্প এবং মুখরোচক খাবারের স্টল বসবে।
আয়োজকরা জানান, প্রতিবছরের মতো এবারও মেলাকে ঘিরে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে। স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে ধরে রাখার পাশাপাশি নতুন প্রজন্মের কাছে গ্রামীণ ঐতিহ্য তুলে ধরাই এ আয়োজনের মূল লক্ষ্য।
এ উপলক্ষে পাটিকেলবাড়ীসহ আশপাশের এলাকার সর্বস্তরের জনগণকে সপরিবারে ও সবান্ধবে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
নববর্ষের প্রথম দিনটিকে আনন্দ-উৎসবের মধ্য দিয়ে বরণ করতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা।
