প্রতিমন্ত্রী হলেন আহম্মদ সোহেল মনজুর সুমন, আনন্দের জোয়ার

আজিজুল ইসলাম: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদে দায়িত্ব পেয়েছেন আহম্মদ সোহেল মনজুর সুমন। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে পিরোজপুর-২ আসনে নির্বাচিত সংসদ সদস্য। প্রতিমন্ত্রী হিসেবে তার দায়িত্ব পাওয়ার খবর ছড়িয়ে পড়তেই পিরোজপুরজুড়ে বইছে আনন্দের জোয়ার।

বিএনপির নিরঙ্কুশ বিজয়ের পর নতুন সরকার ও মন্ত্রিসভা গঠনকে ঘিরে দক্ষিণাঞ্চলে ব্যাপক আলোচনা চলছিল। বিশেষ করে পিরোজপুর-২ (কাউখালি, ভান্ডারিয়া, নেছারাবাদ) আসন থেকে ধানের শীষ প্রতীকে বিজয়ী এই তরুণ সংসদ সদস্যকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার জোর দাবি উঠেছিল স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের পক্ষ থেকে।

উল্লেখ্য, এবারের নির্বাচনে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামি মনোনীত প্রার্থী শামিম সাঈদী-কে পরাজিত করে বিজয় অর্জন করেন। তার এই বিজয়কে অবহেলিত পিরোজপুর জনপদের মানুষের জন্য নতুন সম্ভাবনার দ্বার হিসেবে দেখছেন জেলার মানুষ।

দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের একটি বড় অংশ মনে করছেন, প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় পিরোজপুরের উন্নয়নে গতি আসবে। তারা বলছেন, দক্ষিণাঞ্চলের দীর্ঘদিনের অবহেলা দূর করে অবকাঠামো, শিক্ষা ও অর্থনৈতিক খাতে ইতিবাচক পরিবর্তন আনতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।

১৭ ফেব্রুয়ারি নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের মধ্য দিয়ে নতুন সরকারের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। বরিশাল বিভাগ থেকে নির্বাচিত এই তরুণ সংসদ সদস্য শিক্ষাদীক্ষা, পারিবারিক ঐতিহ্য ও রাজনৈতিক পটভূমির কারণে শুরু থেকেই বিএনপির মন্ত্রিসভায় স্থান পাওয়ার আলোচনায় ছিলেন।

সাবেক ছাত্রনেতা ও ব্যবসায়ী সামছুল হক দীপু বলেন, তার পরিবারে বাবা, মা ও চাচাসহ মোট পাঁচজন মুক্তিযোদ্ধা রয়েছেন, যা বিরল ঘটনা। তিনি প্রতিমন্ত্রী হওয়ায় পিরোজপুরবাসীর প্রত্যাশা পূরণ হয়েছে।

স্বরূপকাঠি পৌর বিএনপির সভাপতি কাজী কামাল হোসেন বলেন, তিনি সাবেক মন্ত্রী নুরুল ইসলাম মনজুর-এর ছেলে এবং একজন বীর মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। তার শিক্ষাদীক্ষা ও পরিচ্ছন্ন রাজনৈতিক ভাবমূর্তির কারণেই তিনি মন্ত্রিসভায় স্থান পেয়েছেন। এতে যেমন দেশ উপকৃত হবে, তেমনি বিএনপির মন্ত্রিসভাও হয়েছে আরও কার্যকর ও শক্তিশালী।

প্রতিমন্ত্রী হিসেবে তার আনুষ্ঠানিক দায়িত্ব পালনের মধ্য দিয়ে পিরোজপুরসহ গোটা দক্ষিণাঞ্চলের উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে—এমনটাই প্রত্যাশা স্থানীয় জনগণের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *