নিজস্ব প্রতিবেদক: নেছারাবাদ উপজেলায় প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সাথে অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে রূপান্তরের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেছারাবাদ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা, সমবায় কর্মকর্তা, প্রকৌশলী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, পুলিশ প্রতিনিধি এবং বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিবৃন্দ।
কর্মশালায় প্লাস্টিক ও পলিথিন দূষণের প্রভাব, স্থানীয় বাজার ও নদীপাড়ের ঝুঁকি, পৌর ও ইউনিয়ন পর্যায়ে বর্জ্য ব্যবস্থাপনার দুর্বলতা এবং টেকসই সমাধানে সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। অংশগ্রহণকারীরা নেছারাবাদের নদী-খালভিত্তিক পরিবেশ বজায় রাখতে প্লাস্টিক ব্যবহারে নিয়ন্ত্রণ, ভোক্তা সচেতনতা বাড়ানো, ব্যবসায়ীদের উন্নত বর্জ্য ব্যবস্থাপনা গ্রহণ এবং স্কুল-কলেজ পর্যায়ে পরিবেশবান্ধব শিক্ষা প্রসারের ওপর গুরুত্ব দেন।
এ অনুষ্ঠানে ইয়থ ফর দ্য সুন্দরবন নেছারাবাদ টিমের কর্মসূচির সংক্ষিপ্ত চিত্র প্রদর্শন করা হয়, যেখানে তাদের পরিবেশ সচেতনতা, নদী পরিচ্ছন্নতা, যুব স্বেচ্ছাসেবী কর্মকাণ্ড এবং প্লাস্টিক কমানোর ক্যাম্পেইনের সার্বিক অগ্রগতি উপস্থাপন করা হয়।
কর্মশালায় উপস্থিত অতিথিরা নেছারাবাদের পরিবেশ রক্ষায় স্থানীয় প্রশাসন, সিভিল সোসাইটি, স্বেচ্ছাসেবী সংগঠন ও ব্যবসায়ীদের সমন্বয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
