নিজস্ব প্রতিবেদক: আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে আজ। শনিবার বিকেলে সরকারি স্বরূপকাঠী পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে ফাইনাল খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পিরোজপুর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আহম্মদ সোহেল মনজুর সুমন। ফুটবল বারে বল লাথি দিয়ে তিনি ফাইনালের সূচনা ঘোষণা করেন।
উদ্বোধনী মুহূর্তে তিনি বলেন, খেলাধুলা শুধু বিনোদন নয় বরং তরুণ সমাজকে সঠিক পথে এগিয়ে নেওয়ার শক্তিশালী মাধ্যম। সুস্থ শরীর ও সুস্থ মন গঠনে নিয়মিত ক্রীড়া চর্চার প্রয়োজনীয়তা তিনি তুলে ধরেন। অনুষ্ঠানে স্বরূপকাঠী পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব কাজী কামালসহ স্থানীয় ক্রীড়ানুরাগী, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ফাইনাল খেলায় ব্যাচ-১৬ দল ২–০ গোলে মাতৃভূমি ক্রিড়া সংঘকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলাশেষে প্রধান অতিথি আহম্মদ সোহেল মনজুর সুমন বিজয়ী ও রানার্স-আপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি, মেডেল ও পুরস্কার তুলে দেন। টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশ নেয় এবং পুরো আয়োজনকে ঘিরে মাঠ ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
