নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পিরোজপুর–২ আসনে দলীয় ঐক্য জোরদার করতে গুরুত্বপূর্ণ সাংগঠনিক সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দীর্ঘদিন ধরে বহিষ্কৃত অবস্থায় থাকা নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ওহিদুজ্জামান এবং সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. নাসির উদ্দিন তালুকদারের প্রাথমিক সদস্যপদ পুনর্বহাল করেছে কেন্দ্রীয় বিএনপি।
দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত দুটি পৃথক চিঠিতে উল্লেখ করা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কার্যক্রমের অভিযোগে পূর্বের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। তাঁদের দাখিল করা আবেদন পর্যালোচনা এবং কেন্দ্রীয় সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বহিষ্কারাদেশ বাতিল করে তাঁদের প্রাথমিক সদস্যপদ তাৎক্ষণিকভাবে ফিরিয়ে দেওয়া হয়েছে।
চিঠিতে আরও বলা হয়েছে, দলীয় নীতি-আদর্শ মেনে চলা এবং ভবিষ্যতে সংগঠনকে আরও শক্তিশালী করার ক্ষেত্রে দুই নেতার সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করছে বিএনপি।
দলীয় সূত্রগুলো বলছে, প্রার্থী নির্বাচনকে ঘিরে স্বরূপকাঠিতে যে বিভাজন তৈরি হয়েছিল, তার প্রভাব সংগঠনের মাঠপর্যায়ে পড়ছিল। তাই নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় বিএনপি গঠনিক শক্তি পুনর্গঠন ও ঐক্য সুদৃঢ় করতে পুনর্বহাল চালু করেছে।
