পিরোজপুর প্রতিনিধি: জেলায় নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী। শনিবার (২৯ নভেম্বর) জেলা পুলিশ সুপারের কার্যালয়ে বিদায়ী এসপি খাঁন মুহাম্মদ আবু নাসের আনুষ্ঠানিকভাবে তাঁর কাছে দায়িত্ব হস্তান্তর করেন। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানান।
নতুন এসপি মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী ২৭তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা এবং যোগদানের আগে মেহেরপুর জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে নেতৃত্ব, দক্ষতা ও পেশাদারিত্বের কারণে তিনি একজন অভিজ্ঞ ও যোগ্য কর্মকর্তা হিসেবে পরিচিত।
দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবদুল আউয়াল, নাসরিন জাহান, পার্থ চক্রবর্তী (পিপিএম), এএসপি সাবিহা মেহেবুবা, সদর থানার ওসি রবিউল ইসলামসহ জেলার বিভিন্ন থানার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নবাগত এসপি জানান, পিরোজপুরের আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ দমনে সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্ব নিয়ে তিনি কাজ করতে চান।
