মিয়ারহাট বন্দরের নতুন রোডে পাশাপাশি দুটি দোকানে গভীর রাতে চুরির ঘটনা ঘটেছে। রাতের কোনো এক সময় দোকানের টিনের চালা কেটে ভিতরে ঢুকে চোরেরা এ ঘটনা ঘটায়। সকালে দোকান খুলতে গিয়ে মালিকরা বিষয়টি দেখতে পান।
চুরি হওয়া দোকানগুলোর একটি রাজু গার্মেন্টস, যার মালিক বাদশা মিয়া। তিনি স্বরূপবার্তাকে জানান, তার দোকান থেকে বড় কোনো মালামাল নেয়নি, তবে ক্যাশবাক্সে থাকা অল্প কিছু টাকা চুরি হয়ে গেছে। পাশের দোকান প্রত্যায় জুয়েলার্স এর মালিক প্রদীপ বিশ্বাস বলেন, দোকানের চালা কেটে ভেতরে ঢুকে প্রায় ১০ ভরি রুপা নিয়ে গেছে চোর। অন্য কিছু নেয়নি।
ঘটনার পর দুই দোকান মালিকই বাজার কমিটি ও নাইটগার্ডদের অবহিত করেছেন। সুটিয়াকাঠি ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান রাজিবুল হক (সানু) ঘটনাটি জেনে আগামীকাল বাজার কমিটি ও সংশ্লিষ্টদের নিয়ে জরুরি বৈঠক করার আশ্বাস দিয়েছেন।
