লাল শাপলা দেখতে নেমে আর ঘরে ফেরা হলো না নেছারাবাদের কলেজছাত্র রাকিবের

বন্ধুদের সঙ্গে বনভোজনে গিয়ে বরিশালের উজিরপুর উপজেলার সাতলা শাপলা বিলে পানিতে ডুবে নেছারাবাদের কলেজছাত্র রাকিবুল ইসলামের (২২) মৃত্যু হয়েছে। সোমবার (২৭ জুলাই) দুপুরে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত রাকিবুল ইসলাম নেছারাবাদ উপজেলার জলাবাড়ি ইউনিয়নের মাদ্রা গ্রামের দিনমজুর আব্দুল হালিম মিয়ার ছেলে। তিনি নেছারাবাদ শহীদ স্মৃতি ডিগ্রি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বনভোজন উপলক্ষে নেছারাবাদ থেকে প্রায় ৩০ জন স্কুল-কলেজপড়ুয়া যুবক ভোররাতে উজিরপুরের সাতলা শাপলা বিলে যান। স্থানীয় জনতা বাজার এলাকায় ট্রলার রেখে তারা তিনটি নৌকায় করে বিলের ভেতরে ঘুরতে বের হন।

প্রত্যক্ষদর্শী মো. এস এম ইউসুফুর রায়হান জানান, একটি নৌকার সামনে বসা রাকিবুল লাল শাপলা দেখে প্রথমবার পানিতে ঝাঁপ দেন। পরে সাঁতরে উঠে আসেন তিনি। কিছুক্ষণ পর আবার শাপলা তুলতে পানিতে নামেন। দ্বিতীয়বার পানিতে ঝাঁপ দেওয়ার পর তিনি পানির নিচে তলিয়ে যান।

এ সময় রাকিবকে পানির ওপর ভেসে উঠতে না দেখে তার বন্ধুরা ও স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাকিবের সঙ্গে থাকা বন্ধুরা জানান, তারা প্রায় ৩০ জন মিলে বনভোজনে গিয়েছিলেন। নৌকায় ঘুরে শাপলা দেখার সময় রাকিব পানিতে নামেন। কিন্তু দ্বিতীয়বার পানিতে নামার পর তাকে আর উঠতে দেখা যায়নি।

মাদ্রা গ্রামের ইউপি সদস্য সদানন্দ মণ্ডল বলেন, রাত তিনটার দিকে এলাকার কয়েকজন যুবক বনভোজনের উদ্দেশ্যে শাপলা বিলে যান। রাকিব প্রথমবার পানিতে নেমে উঠে এলেও দ্বিতীয়বার ঝাঁপ দেওয়ার পর আর ভেসে ওঠেননি। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাকিবুল ইসলামের মৃত্যুতে পরিবার, স্বজন, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *