আঁকলাম মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য দিনব্যাপী ফ্রি চক্ষু সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। পিরোজপুর-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হাজী আহমেদ সুমন মনজুরের উদ্যোগে এবং তার বাবা সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলাম মঞ্জু ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় সোমবার সকাল ১১টা থেকে এই ক্যাম্প পরিচালিত হয়।
চিকিৎসা শিবিরে শতাধিক শিক্ষার্থী চোখের বিভিন্ন সমস্যার পরীক্ষা, চিকিৎসা পরামর্শ, প্রয়োজনীয় ওষুধ এবং বিনামূল্যে চশমা গ্রহণের সুযোগ পায়। সকাল থেকেই বিদ্যালয়ের শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে এসে পরীক্ষা করায়, যা পুরো ক্যাম্পকে ব্যস্ত রাখে।
মনোনীত প্রার্থী সুমন মনজুর ক্যাম্প সরাসরি তদারকি করেন। তিনি জানান, এলাকার মানুষের স্বাস্থ্যসেবায় ঘাটতি দূর করা এবং বিশেষ করে শিক্ষার্থীরা যাতে চোখের সমস্যার কারণে পড়াশোনায় পিছিয়ে না পড়ে, এ লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও সুবিধাবঞ্চিত মানুষের জন্য নিয়মিতভাবে এ ধরনের সেবা অব্যাহত রাখার পরিকল্পনার কথা তিনি উল্লেখ করেন।
নেছারাবাদ পৌর বিএনপির সভাপতি এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কাজী কামাল বলেন, অনেক শিক্ষার্থী দীর্ঘদিন চোখের সমস্যায় ভুগলেও চিকিৎসা করাতে পারে না। এই ক্যাম্প শিক্ষার্থীদের পড়াশোনার পথে বড় সহায়তা সৃষ্টি করেছে বলে তিনি মনে করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন জানান, স্কুলের অনেক শিক্ষার্থী চোখের রোগে ভুগলেও চিকিৎসার সুযোগ না থাকায় সমস্যা বাড়ছিল। ফ্রি চিকিৎসা, ওষুধ ও চশমা পাওয়ায় এসব শিক্ষার্থী স্বস্তি পেয়েছে এবং তাদের পড়াশোনায় নতুন করে মনোযোগ ফেরাতে সাহায্য করবে।
