সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে নয়াপল্টনে বক্তব্য দিলেন নেছারাবাদের সাইদুল ইসলাম টুলু

আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দিয়েছেন পিরোজপুরের নেছারাবাদ উপজেলার পাটিকেলবাড়ি গ্রামের কৃতি সন্তান ও জাতীয়তাবাদী মৎস্যজীবী দল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. সাইদুল ইসলাম টুলু।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের বিষয় ছিল ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে’ প্রতিবাদ। পরে নয়াপল্টন থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন নেতাকর্মীরা।

সমাবেশে বক্তব্যকালে সাইদুল ইসলাম টুলু বলেন, “দেশের জনগণ সন্ত্রাস, নৈরাজ্য ও অস্থিতিশীলতা চায় না। রাজনৈতিকভাবে পরাজিত হয়ে কেউ যদি পরিকল্পিতভাবে দেশের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা করে, জনগণ ঐক্যবদ্ধভাবে তার প্রতিবাদ করবে। বিএনপির নেতাকর্মীরা গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে রাজপথে ছিল, আছে এবং থাকবে।”

তিনি আরও বলেন, “দেশের মানুষের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। কোনো ধরনের উসকানিতে পা না দিয়ে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিকভাবে সব অপচেষ্টার মোকাবিলা করতে হবে।”

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য আমান উল্লাহ আমান। তিনি বলেন, পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় ফ্যাসিবাদবিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। একই সঙ্গে তিনি নেতাকর্মীদের আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানান।

সমাবেশে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, সহ-অর্থনৈতিকবিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, মৎস্যজীবী দলের নেতাকর্মীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

নেছারাবাদের পাটিকেলবাড়ি গ্রামের সন্তান সাইদুল ইসলাম টুলু দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। এর আগে তিনি সংগঠনটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *