ফেরিঘাট এলাকায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো ‘সন্ধ্যা পার্ক রেস্টুরেন্ট’। উপজেলার অন্যতম জনপ্রিয় দর্শনীয় স্থান হিসেবে পরিচিত এ এলাকায় নতুন এই রেস্টুরেন্টটি পর্যটক ও স্থানীয়দের মিলনস্থল হিসেবে গড়ে উঠবে বলে আশা করা হচ্ছে। পরিবার নিয়ে বেড়াতে আসা মানুষদের জন্যও এটি হতে পারে একটি আকর্ষণীয় বিশ্রাম ও খাবারের ঠিকানা।
তবে উদ্বোধনের আনন্দের মাঝেই রেস্টুরেন্টটির সাইনবোর্ড ঘিরে শুরু হয়েছে সমালোচনা। সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যেই ছড়িয়ে পড়েছে নামের বানান ভুল নিয়ে নানা মন্তব্য। অভিযোগ উঠেছে, রেস্টুরেন্টের সাইনবোর্ডে ‘সন্ধ্যা’ শব্দটির বানান ভুলভাবে লেখা হয়েছে। সন্ধ্যা নদীর তীরে অবস্থান হওয়া সত্ত্বেও এমন ভুল নাম ব্যবহারে অনেকে রেস্টুরেন্ট পরিচালনার অসচেতনতা ও অজ্ঞতার পরিচায়ক বলে মনে করছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, শত বছরের ইতিহাস, আবেগ ও পরিচয়ের প্রতীক ‘সন্ধ্যা নদী’। তাই এই নদীর নামে প্রতিষ্ঠিত যেকোনো প্রতিষ্ঠানের নাম সঠিকভাবে লেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বানান বিভ্রাটকে তারা ঐতিহ্যের প্রতি অসম্মান হিসেবে দেখছেন। তাদের মতে, নামের ভুল শুধুই রেস্টুরেন্ট মালিকের নয়, এটি স্বরূপকাঠির সামগ্রিক পরিচিতিকেও ক্ষুণ্ন করতে পারে।
সচেতন মহল রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে দ্রুত সাইনবোর্ড সংশোধনের আহ্বান জানিয়ে বলেন, নামের সঠিক বানান ব্যবহার করাই সম্মান ও দায়িত্ববোধের প্রতিফলন। জনপ্রিয় এক নদীর নাম ভুলভাবে লেখা হলে তা কেবল একটি প্রতিষ্ঠানের ভুল নয়, বরং পুরো এলাকার প্রতি অবহেলার ইঙ্গিত।
এলাকাবাসীরা পরিচালককে বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে আরও বলেন, নামের ভুল শুধরানো খুব কঠিন কিছু নয়। বরং সঠিক বানান ব্যবহার করলে এটি রেস্টুরেন্টের গ্রহণযোগ্যতা ও সম্মান আরও বাড়াবে।
