সুন্দরবন সংরক্ষণ এবং প্লাস্টিক ও পলিথিন বর্জনের লক্ষ্যে পিরোজপুরে একটি শিখন ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বেসরকারি সংস্থা রূপান্তর-এর আয়োজনে শনিবার (১৮ এপ্রিল) সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শহরের নায়রী কমিউনিটি সেন্টার মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ইউথ ফর সুন্দরবন মঠবাড়িয়া উপজেলা শাখা-এর সভাপতি মোঃ সাইফুল ইসলাম। এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন এডভোকেট মোঃ রেজাউল ইসলাম শামীম, পিরোজপুর সুন্দরবন জার্নালিজম ফোরাম-এর সদস্য সচিব মোঃ খেলাফত হোসেন খসরু, রূপান্তরের পিরোজপুর জেলা সমন্বয়কারী ও প্রজেক্ট কর্মকর্তা সাহিদা বানু সোনিয়া, নেছারাবাদ উপজেলার আহ্বায়ক সাংবাদিক মোঃ আনোয়ার হোসেন, ভান্ডারিয়া উপজেলা সুন্দরবন যুব ফোরামের সভাপতি মোঃ জহিরুল ইসলাম সোহাগ, নেছারাবাদ উপজেলার সভাপতি সুবর্ণা আক্তার এবং মঠবাড়িয়া উপজেলার সাধারণ সম্পাদক মোঃ আব্দুল অভি প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নেছারাবাদ উপজেলা সুন্দরবন যুব ফোরামের সাধারণ সম্পাদক মোঃ হারিচুল ইসলাম।
জেলার তিনটি উপজেলার যুব ফোরামের অর্ধশতাধিক সদস্যের অংশগ্রহণে আয়োজিত এ সভায় প্লাস্টিক দূষণ রোধ, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা এবং সুন্দরবনের পরিবেশ সুরক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি স্থানীয় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে সমন্বয় ও অ্যাডভোকেসি কার্যক্রম জোরদারের কৌশল নিয়েও মতবিনিময় করা হয়।
সভায় বক্তারা বলেন, সুন্দরবন রক্ষায় সচেতনতা বৃদ্ধি এবং তরুণদের সম্পৃক্ততা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা পাঁচটি জেলার ১৭টি উপজেলার বিস্তীর্ণ এলাকাজুড়ে পরিবেশ সুরক্ষায় সক্রিয় ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন।
