পিরোজপুরের নেছারাবাদে পৃথক দুইটি মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গুয়ারেখা ইউনিয়নের চাঁদকাঠি খেয়াঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়।
এ সময় মো. রাকিবুল ইসলাম রাকু (৪৪) ও মো. সজিব আহম্মেদ (৩৩) নামে দুই যুবককে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। পুলিশ তল্লাশিতে রাকুর কাছ থেকে ৩০ পিস এবং সজিবের কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করে।
গ্রেফতারকৃত রাকু উপজেলার সোহাগদল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হেমায়েত উদ্দিনের ছেলে এবং সজিব একই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সামসুল হকের ছেলে।
অন্যদিকে, পৃথক আরেকটি অভিযানে উপজেলার পূর্ব জগন্নাথকাঠী এলাকা থেকে মো. শহিদ (৩৫) নামে এক ব্যক্তিকে ৪০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। শহিদ ওই গ্রামের মৃত জব্বার মিয়ার ছেলে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের শুক্রবার পিরোজপুর আদালতে পাঠানো হয়েছে।
নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসান জানান, পুলিশ সদর দপ্তর ও জেলা পুলিশের নির্দেশনায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
তিনি বলেন, নেছারাবাদকে মাদকমুক্ত করতে অভিযান অব্যাহত থাকবে কাউকে ছাড় দেওয়া হবে না।
