জ্বালানি তেলের অস্বাভাবিক মজুদ ও কৃত্রিম সংকট রোধে পিরোজপুরে চালু করা হয়েছে ‘স্মার্ট ফুয়েল’ নামের একটি প্রযুক্তিনির্ভর অ্যাপ।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুর ১২টায় পিরোজপুর নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন বলেশ্বর ফিলিং স্টেশনে আনুষ্ঠানিকভাবে অ্যাপটির উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু সাঈদ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহম্মেদ সিদ্দিকী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদ এবং বিআরটিএ’র সহকারী পরিচালক ও ফিলিং স্টেশনের ট্যাগ অফিসার মোবারক হোসেন।
অনুষ্ঠানে ‘স্মার্ট ফুয়েল’ অ্যাপের কার্যক্রম তুলে ধরেন এর উদ্ভাবক ওবায়দুল হক রাসেল। তিনি জানান, ফিলিং স্টেশনে আসা মোটরসাইকেল বা অন্যান্য যানবাহনের রেজিস্ট্রেশন নম্বর স্ক্যান করে অ্যাপে সংরক্ষণ করা হবে। কোনো যানবাহন একবার ৫০০ টাকার পেট্রোল বা অকটেন নিলে পরবর্তী ৪ দিন বা ৯৬ ঘণ্টার মধ্যে পিরোজপুর জেলার নির্ধারিত ৫টি ফিলিং স্টেশন কিংবা অ্যাপ-সংযুক্ত অন্য কোনো স্টেশন থেকে পুনরায় জ্বালানি নিতে পারবে না।
তিনি আরও বলেন, “এই ব্যবস্থার মাধ্যমে একই যানবাহনের বারবার তেল নেওয়া বন্ধ করা সম্ভব হবে। ফলে কৃত্রিম সংকট কমবে এবং ফিলিং স্টেশনগুলোতে ভিড় নিয়ন্ত্রণে আসবে। আমরা পর্যায়ক্রমে জেলার সব স্টেশনে এই অ্যাপ চালু করবো। আশা করছি, আগামী ৫ থেকে ৬ দিনের মধ্যেই পরিস্থিতির উন্নতি দৃশ্যমান হবে।”
উদ্ভাবক রাসেল জানান, অ্যাপটি বর্তমানে ঝিনাইদহ জেলায় পাইলট প্রকল্প হিসেবে চালু রয়েছে। পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য ও গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুরের আমন্ত্রণে পিরোজপুরে এর কার্যক্রম শুরু করা হয়েছে, যাতে সাধারণ মানুষের ভোগান্তি কমানো যায়।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই প্রযুক্তিনির্ভর উদ্যোগ জ্বালানি সরবরাহ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও শৃঙ্খলা আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
