সেই তিন কন্যার জন্মে দিশেহারা অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন প্রতিমন্ত্রী

পিরোজপুরের নেছারাবাদে এক দিনমজুরের ঘরে একসঙ্গে জন্ম নেওয়া তিনটি কন্যা সন্তানের নবদম্পতির পরিবারের পাশে দাঁড়িয়ে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে প্রতিমন্ত্রীর পক্ষ থেকে পিরোজপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো. জসিম বাহাদুর ঐ নবদম্পতি শরিফুল ইসলাম উজ্জ্বল ও নুসরাত জাহানের বাসায় গিয়ে নবজাতকদের সুস্বাস্থ্য কামনা করে তাদের হাতে প্রতিমন্ত্রীর পাঠানো নগদ অর্থ ও পোশাক তুলে দেওয়া হয়। আহম্মদ সোহেল মনজুর পিরোজপুর-২ আসন থেকে বিএনপির মনোনয়নে নির্বাচিত সংসদ সদস্য ও বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। তার এই সহায়তায় খুশি হয়েছেন নবজাতকদের পরিবার ও স্থানীয়রা।

জানা গেছে, উপজেলার বালিহারী গ্রামের দিনমজুর ও ইলেকট্রিশিয়ান মো. শরিফুল ইসলাম উজ্জ্বলের স্ত্রী মোসা. নুসরাত জাহান গত বৃহস্পতিবার সন্ধ্যার পর উপজেলার একটি প্রাইভেট হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে একসঙ্গে তিনটি কন্যা সন্তানের জন্ম দেন। জন্মের সময় নবজাতক তিনটি সুস্থ থাকলেও খুশির পাশাপাশি উদ্বিগ্ন হয়ে পড়ে পরিবারটি। এ নিয়ে বিভিন্ন পত্রপত্রিকায় সংবাদ প্রকাশের পর বিষয়টি গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুরের দৃষ্টিগোচর হয়। তারই ধারাবাহিকতায় নবজাতকদের সুস্বাস্থ্য কামনা করে তাদের হাতে প্রতিমন্ত্রীর পাঠানো নগদ অর্থ ও পোশাক তুলে দেওয়া হয়।

নবজাতকদের পিতা মো. শরিফুল ইসলাম উজ্জ্বল বলেন, আমি একজন বিদ্যুৎ মিস্ত্রি। বিয়ের পর এটাই আমাদের প্রথম সন্তান। আল্লাহ একসঙ্গে তিনটি কন্যা সন্তান দিয়েছেন। এতে আমরা খুবই আনন্দিত, তবে খরচের বিষয়টি নিয়ে কিছুটা দুশ্চিন্তায় ছিলাম। এমন সময়ে প্রতিমন্ত্রীর উপহার আমাদের অনেকটা স্বস্তি দিয়েছে।

মা নুসরাত জাহান বলেন, অভাবের সংসারে একসঙ্গে তিনটি সন্তান পাওয়া যেমন আনন্দের, তেমনি দায়িত্বও বেড়েছে। এই সময়ে এমপি সাহেব আহম্মদ সোহেল মনজুরের পাওয়া সহায়তা আমাদের কাছে আল্লাহর রহমতের মতো।

প্রতিবেশী আম্বিয়া বেগম বলেন, উজ্জ্বল গরিব মানুষ। তার ঘরে একসঙ্গে তিনটি মেয়ে হওয়ায় আমরা খুশি। এমপি সাহেবের এই সহযোগিতা সত্যিই প্রশংসনীয়। আর্থিকভাবে অসচ্ছল এই পরিবারটির জন্য এ ধরনের সহায়তা বড় স্বস্তি এনে দিয়েছে।

সুটিয়াকাঠী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শানু বলেন, একসঙ্গে তিনটি কন্যা সন্তানের জন্ম একটি বিরল ও আনন্দের ঘটনা। তবে পরিবারটির আর্থিক অবস্থা খুবই দুর্বল। এমন সময়ে মাননীয় প্রতিমন্ত্রীর পক্ষ থেকে সহায়তা প্রদান মানবিক ও প্রশংসনীয় উদ্যোগ। এতে পরিবারটি যেমন সাহস পেয়েছে, তেমনি সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসতে উৎসাহিত করবে। আমরাও ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে পরিবারটির খোঁজখবর রাখছি এবং প্রয়োজনীয় সহায়তা দেওয়ার চেষ্টা করব।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার ইন্দুরহাটে একটি বেসরকারি ক্লিনিকে প্রসূতি নুসরাত জাহান (২২) নিরাপদভাবে অস্ত্রোপচারের মাধ্যমে তিন সন্তানের জন্ম দেন। একসঙ্গে তিন সন্তানের জন্মের খবর এলাকায় ছড়িয়ে পড়লে আনন্দের সৃষ্টি হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *