নিজস্ব প্রতিনিধি:
পিরোজপুর-২ (কাউখালী, ভান্ডারিয়া ও নেছারাবাদ) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশনায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বিএনপি মনোনীত প্রার্থী আহম্মদ সোহেল মনজুর সুমনের নির্বাচনী সেন্টার কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে নেছারাবাদ উপজেলার এন ডাব্লিউ ৬ নং ওয়ার্ডে এ আলোচনা সভা ও কমিটি গঠন প্রক্রিয়া অনুষ্ঠিত হয়। সভার আয়োজন করে ২নং সোহাগদল ইউনিয়ন বিএনপি।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশব্যাপী জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন এখন সময়ের দাবি। সেই লক্ষ্য বাস্তবায়নে বিএনপির প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে কাজ করার আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন, পিরোজপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আহম্মদ সোহেল মনজুর সুমনের নেতৃত্বে জনগণকে সঙ্গে নিয়ে একটি শক্তিশালী গণআন্দোলন গড়ে তোলা হবে। নির্বাচনী সেন্টার কমিটির মাধ্যমে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা।
আলোচনা সভা শেষে সর্বসম্মতিক্রমে নির্বাচনী সেন্টার কমিটি গঠন করা হয় এবং আগামীর রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করা হয়।
