স্বাধীনতাবিরোধী শক্তি হিসেবে জামায়াতকে ভোট না দেয়ার আহ্বান

নিজস্ব প্রতিবেদক: পিরোজপুর-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আহমেদ সোহেল মঞ্জুর সুমন মন্তব্যে করে বলেছেন, বিএনপি মুক্তিযুদ্ধের স্বপক্ষের সবচেয়ে বড় শক্তি। অন্যদিকে জামায়াত ছিল স্বাধীনতা বিরোধী শক্তি। তাদের কারণে আমাদের মুক্তিযুদ্ধের সময় অসংখ্য মানুষ শহীদ হয়েছেন, বহু মা-বোনের ইজ্জত হারিয়েছে।

১৮ নভেম্বর (মঙ্গলবার) দুপুরে নেছারাবাদ উপজেলা ও স্বরূপকাঠি পৌর এলাকার সকল মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি ভোটারদের উদ্দেশে আরও বলেন, বিএনপি বিগত দিনে রাষ্ট্রক্ষমতায় ছিল, কিন্তু জামায়াত কখনও রাষ্ট্রক্ষমতায় আসতে পারেনি। তাই তাদের ভোট দিয়ে আপনাদের মহামূল্যবান ভোট নষ্ট করবেন না।

ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব তুলে ধরে বিএনপির এই প্রার্থী বলেন, দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট আওয়ামী সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছিল। এখন দেশে ভোটাধিকারের একটি সুষ্ঠু পরিবেশ ফিরে এসেছে। তাই এই পবিত্র আমানত সঠিক স্থানে প্রয়োগ করে দেশের উন্নয়নে ভূমিকা রাখুন।

এদিকে স্থানীয় উন্নয়ন প্রসঙ্গে আহমেদ সোহেল মঞ্জুর সুমন তার ব্যক্তিগত ও পারিবারিক অঙ্গীকার তুলে ধরে বলেন, ছোটখাটো উন্নয়ন আমরা নিজেরা একত্রে উদ্যোগ নিয়ে করতে পারি। তার পিতা মৃত নূর ইসলাম মঞ্জু ফাউন্ডেশনের উদ্যোগে পিরোজপুরের নানা উপজেলায় রাস্তাঘাট, পুল-কালভার্ট মেরামতসহ বিভিন্ন উন্নয়ন করেছেন বলেও জানান তিনি।

এছাড়া, ভান্ডারিয়ায় তার ব্যক্তিগত তহবিল থেকে খাজনা পরিশোধের মাধ্যমে বাজার ইজারামুক্ত করে বহু কৃষককে ফসল বিক্রি করতেও সহযোগিতা করেছেন। বক্তব্যে তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেন, পিরোজপুর-২ আসনের সার্বিক উন্নয়নে আমি সবসময় পাশে থাকব।

স্বরূপকাঠি কেন্দ্রীয় মন্দিরের ভারপ্রাপ্ত সভাপতি উৎপল সমদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরও বক্তব্য রাখেন পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা মো. শফিকুল ইসলাম ফরিদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মইনুল হাসান, সাংগঠনিক সম্পাদক হাফিজুর সিকদার। আরও বক্তব্য রাখেন সাহাপাড়া মন্দিরের সভাপতি খোকন সাহা, মুক্তাহার মন্দিরের সভাপতি বিদ্যুৎ মিস্ত্রী ও বিধান বড়ালসহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্বরূপকাঠি কেন্দ্রীয় মন্দিরের সাধারণ সম্পাদক মানিক লাল দত্ত।

এইচএম/এমএএন/

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *