বলদিয়ায় কোরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত

বলদিয়া প্রতিনিধি: সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বলদিয়া ইউনিয়নে কোরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সবার আগে বলদিয়া টিম এর উদ্যোগে এবং সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের সার্বিক পরিকল্পনায় আয়োজিত এ দোয়া মাহফিলের তত্ত্বাবধানে ছিলেন মোঃ সুলতান ও মোঃ ওসমান গনি।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বলদিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে অবস্থিত বলদিয়া কাদরিয়া মফিজিয়া হাফিজিয়া মাদ্রাসায় ভোর ৪টা থেকে হাফেজদের মাধ্যমে পবিত্র কোরআন খতম সম্পন্ন করা হয়। কোরআন খতম শেষে বিশেষ মোনাজাতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়।

দোয়া মাহফিলে বক্তারা বলেন, দেশমাতার জন্য বেগম খালেদা জিয়ার ত্যাগ, আদর্শ ও অবদান জাতি চিরদিন স্মরণ করবে। মহান আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করেন—এ কামনায় সকলে একাত্মতা প্রকাশ করেন।

এ সময় স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী এবং সবার আগে বলদিয়া টিমের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আয়োজকরা বলেন, ভবিষ্যতেও মানবিকতা, আদর্শ ও অঙ্গীকারের পথে থেকে সমাজকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত থাকবে।

দোয়া মাহফিলে সর্বস্তরের মানুষের উপস্থিতি ও অংশগ্রহণে আয়োজকরা সন্তোষ প্রকাশ করেন এবং আগামীতেও সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *