নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রীয়ভাবে ইসলামী কোন দল এদেশে ক্ষমতায় আসবেনা বলে মন্তব্য করেছেন পিরোজপুর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আহম্মদ সোহেল মনজুর সুমন। এসময় তিনি ধর্মকে ব্যবহার করে কেউ যেন ব্যক্তি স্বার্থ উদ্ধারের জন্য সুবিধা নিতে না পারে সেদিকেও সজাগ দৃষ্টি রাখতে বলেন সকলকে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে নেছারাবাদের মুক্তিযোদ্ধা সংসদ প্রাঙ্গনে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মনজুর সুমন বলেন, খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে হলে সকলে মিলে বিএনপিকে ভোট দিতে হবে। কারণ বিএনপি হল স্বাধীনতার পক্ষের শক্তি। আমাদের অপরপক্ষে যারা দাঁড়িয়েছে তারা স্বাধীনতার বিরোধী শক্তি ছিল।
এসময় তিনি বিএনপির রাষ্ট্র মেরামতের ৩১ দফাকে বিএনপির নির্বাচনী ইশতিহার বলে উল্লেখ করেন। সুমন দাবি করেন, এই ইশতিহারে রয়েছে বাংলাদেশের সমস্ত সমস্যার একমাত্র প্রেসক্রিপশন। তাই পরবর্তী দেশনায়ক তারেক রহমানের স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে ৩১ দফার আলোকে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি আরো বলেন, আমরা দীর্ঘ ১৭ বছর পর নির্বাচন করতে যাচ্ছি। এ নির্বাচনকে হালকাভাবে নেয়া যাবে না। ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতো দিনের ভোট রাতে দেবার সুযোগ নেই। তাই প্রতিটি বিএনপি’র কর্মী বিএনপিকে ক্ষমতায় দেখতে চাইলে আজকেই নিঃস্বার্থভাবে নেমে পড়ুন। নতুবা আপনাদের কারো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না।

আহম্মদ সোহেল মনজুর সুমন মনে করিয়ে দেন, আজ দেশনায়ক তারেক রহমানের জন্মদিন। আওয়ামী লীগের দীর্ঘ ১৭ বছরের শাসনামলে ক্ষত-বিক্ষত বাংলাদেশ সংস্কার করার জন্যই তিনি জন্মগ্রহণ করেছিলেন। তার হাত ধরেই এদেশ পুনরায় নতুনভাবে স্বপ্ন দেখবে। তার জন্য সবাই দোয়া করবেন।
নেছারাবাদ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. তপু রায়হানের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. মহসিন মিয়ার সঞ্চালনায় এসময়ে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক অধ্যক্ষ মো. আলমগীর হোসেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল পিরোজপুর জেলা শাখার সদস্য সচিব মো. তৌহিদুল ইসলাম তৌহিদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরূপকাঠী পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সাবেক আহ্বায়ক শফিকুল ইসলাম ফরিদ, স্বরূপকাঠী পৌর বিএনপির সভাপতি মো. কাজী কামাল হোসেন, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মইনুল হাসান, সাংগঠনিক সম্পাদক হাফেজ সিকদার ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পিরোজপুর জেলা শাখার সাবেক সহ-সভাপতি মো. জসিম বাহাদুর সহ অন্যান্য নেতৃবৃন্দ।
