আটঘর-কুড়িয়ানা প্রতিনিধি: ৪নং আটঘর কুড়িয়ানা ইউনিয়নের সনাতন ধর্মাবলম্বীরা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করেছেন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় কুড়িয়ানা বাজার সর্বজনীন শ্রীশ্রী দুর্গা মন্দির প্রাঙ্গণে এই প্রার্থনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আহম্মদ সোহেল মনজুর। স্থানীয় সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ ছাড়াও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এতে অংশ নেন।
প্রার্থনায় অংশগ্রহণকারীরা বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে সম্মিলিতভাবে প্রার্থনা করেন এবং দেশবাসীর জন্য শান্তি ও মঙ্গল কামনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে আহম্মদ সোহেল মনজুর বলেন, বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনীতিক নন, তিনি বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামের প্রতীক। তাঁর অসুস্থতা জাতীয় রাজনৈতিক অঙ্গনে গভীর শূন্যতা তৈরি করেছে। আজ সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনেরা যেভাবে তাঁর রোগমুক্তি কামনায় প্রার্থনার আয়োজন করেছেন এটি প্রমাণ করে তিনি জাতির অভিভাবকসুলভ একজন নেতা। আমি তাঁর দ্রুত সুস্থতা কামনা করছি এবং আপনাদের এই ভালোবাসা ও মানবিক উদ্যোগের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি।
তিনি আরও বলেন, আজকের এই প্রার্থনা ধর্মীয় সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। খালেদা জিয়া সবসময় সকল ধর্মের মানুষের অধিকার নিশ্চিত করতে কাজ করেছেন। তাঁর সুস্থতা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে আরও দৃঢ় করবে।
স্থানীয় সনাতনী নেতৃবৃন্দ জানান, বেগম খালেদা জিয়ার সুস্থতা দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণের জন্য জরুরি।
প্রার্থনা শেষে উপস্থিত নেতৃবৃন্দ ও স্থানীয় জনগণ দেশের শান্তি, কল্যাণ ও সম্প্রীতি কামনায়ও বিশেষ প্রার্থনা করেন।
