স্বরুপবার্তা ডেস্ক: মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে ও পিরোজপুর-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদ সাঈদী বলেছেন, বেগম খালেদা জিয়া কেবল একজন রাজনৈতিক অভিভাবকই ছিলেন না বরং আমাদের পারিবারিক জীবনের সুখ-দুঃখেরও আপনজন ছিলেন।
গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন, স্বৈরাচার শেখ হাসিনার দুঃশাসনামলে যখন আমার শহীদ বাবাকে বিনা অপরাধে গ্রেপ্তার করা হয়েছিল, তখন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নিয়মিত আমাদের পরিবারের খোঁজখবর নিতেন। তিনি প্রায়ই আমাদের তার বাসায়/অফিসে ডেকে নিতেন এবং আন্তরিকভাবে সান্ত্বনা ও সাহস দিতেন।
ব্যক্তিগত স্মৃতিচারণ করে তিনি বলেন,আমার ছোট ভাই নাসিম সাঈদীর বিবাহ অনুষ্ঠানে এবং বড় ভাই রাফীক বিন সাঈদীর কন্যার বিয়েতেও বেগম খালেদা জিয়া সশরীরে উপস্থিতি হয়েছিলেন।
শোকবার্তায় মাসুদ সাঈদী বলেন, ৯০’র গণ-অভ্যুত্থান ও পরবর্তী সময়ে গণতন্ত্র পুনরুদ্ধারের প্রত্যেকটি পর্বে বেগম জিয়ার দৃঢ়তা, দেশপ্রেম ও নেতৃত্ব জাতীয় জীবনে গভীর প্রভাব রেখেছে।
এসময় তিনি আরও বলেন, বাংলাদেশের বহু প্রজন্ম তাকে দেখেছে সাহস, সহনশীলতা ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতীক হিসেবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষার আন্দোলনে খালেদা জিয়া কয়েক দশক ধরে অবিচল ভূমিকা পালন করেছেন।
