স্বরূপকাঠিতে বিএনপির কালো ব্যাজ কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে পিরোজপুরের নেছারাবাদে শোক পালন করছে দলীয় নেতাকর্মীরা। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে উপজেলা স্বরূপকাঠি বন্দরে নেছারাবাদ পৌর বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করা হয়।

এদিকে, এভারকেয়ার হাসপাতালে টানা ৩৭ দিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার সকালে মারা যান বেগম খালেদা জিয়া। গত ২৩ নভেম্বর তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এরপর থেকে সেখানেই চিকিৎসাধীন ছিলেন তিনি।

মৃত্যুর পর সকালে খালেদা জিয়ার মরদেহ এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানে নেওয়া হয়। প্রাথমিকভাবে মরদেহ তার দীর্ঘদিনের বাসভবন ফিরোজায় নেওয়ার কথা থাকলেও পরে মরদেহবাহী গাড়ি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গুলশানের ১৯৬ নম্বর বাসায় নেওয়া হয়।

এরপর বেলা ১১টা ৫০ মিনিটে খালেদা জিয়ার মরদেহ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউয়ে আনা হয়। সেখানে দুপুর ২টায় তার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জানাজা শেষে তাকে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে সমাহিত করা হবে।

খালেদা জিয়ার মৃত্যুতে নেছারাবাদসহ দেশের বিভিন্ন স্থানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে শোকের আবহ বিরাজ করছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *