রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে বেগম খালেদা জিয়ার দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দাফন সম্পন্ন হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) ঢাকার শের-এ-বাংলা নগরে জিয়া উদ্যানে তাঁর স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাঁকে সমাহিত করা হয়।

এর আগে বেলা তিনটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। বেলা ৩টা ৩ মিনিটে জানাজা শুরু হয়ে ৩টা ৫ মিনিটে শেষ হয়। জানাজা পড়ান জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক।

জানাজায় অংশ নেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকরা।

জানাজায় অংশ নিতে দুপুর থেকেই রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ ও আশপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়। বিজয় সরণি, ফার্মগেট, কারওয়ান বাজার, খামারবাড়ি, শাহবাগ, মোহাম্মদপুর পর্যন্ত সড়কজুড়ে মানুষের ঢল নামে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, জানাজায় কয়েক লক্ষ মানুষের সমাগম ঘটে।

এর আগে এভারকেয়ার হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার সকালে বেগম খালেদা জিয়া মারা যান। তাঁর মৃত্যুতে দেশজুড়ে শোকের আবহ সৃষ্টি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *