জিলবাড়ীতে ছিনতাইকারি সন্দেহে দেশীয় অস্ত্রসহ যুবক আটক

ইউনিয়ন প্রতিনিধি: বলদিয়া ইউনিয়নের জিলবাড়ী গ্রামে ছিনতাইকারি সন্দেহে এক যুবককে দেশীয় অস্ত্রসহ আটক করে গ্রাম পুলিশের কাছে হস্তান্তর করেছে স্থানীয় জনতা। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

আটক যুবকের নাম মো. আরিফুল ইসলাম (২২)। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় ছোড়া, একটি স্ক্রুড্রাইভার এবং নেশা সেবনের ড্যান্ডি উদ্ধার করা হয়। পরে উত্তেজিত জনতা তাকে গ্রাম পুলিশ মো. মুকুল মিয়ার কাছে হস্তান্তর করে।

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত যুবক বলদিয়া ইউনিয়নের মধ্য বিন্না গ্রামের মো. সুমন হোসেনের ছেলে। মঙ্গলবার রাতে তিনি পাশ্ববর্তী জিলবাড়ী গ্রামে মো. চান্দু মিয়ার করাতকলের সামনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন। এ সময় চান্দু মিয়া তার পরিচয় জানতে চাইলে যুবকটি ক্ষিপ্ত হয়ে সঙ্গে থাকা বড় ছোড়া দিয়ে কোপ মারার চেষ্টা করে বলে অভিযোগ ওঠে।

চান্দু মিয়ার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে যুবকটিকে আটক করে। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে দেশীয় ছোড়া, স্ক্রু-ড্রাইভার ও নেশা সেবনের ড্যান্ডি উদ্ধার করা হয়। খবর পেয়ে গ্রাম পুলিশ ঘটনাস্থলে এসে যুবকটিকে হেফাজতে নেয়।

স্থানীয় শিক্ষক মো. এনামুল হক রতন বলেন, ছেলেটি মূলত ঢাকায় থাকেন বলে শুনেছি। কী উদ্দেশ্যে এলাকায় এসেছিল তা স্পষ্ট নয়। তবে রাতে প্রকাশ্যে একজন ব্যবসায়ীর ওপর ছোড়া দিয়ে হামলার চেষ্টা করায় এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়ে। স্থানীয়দের তৎপরতায় বড় ধরনের ঘটনা এড়ানো গেছে।

গ্রাম পুলিশ মো. মুকুল মিয়া জানান, গ্রামবাসীরা একটি বড় ছোড়া, স্ক্রুড্রাইভার ও ড্যান্ডিসহ যুবকটিকে আটক করে আমাদের কাছে হস্তান্তর করে।

এ বিষয়ে নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসান জানান, আটক যুবককে থানায় আনা হয়েছে। প্রাথমিক অবস্থায় তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *