বলদিয়া প্রতিনিধি: বলদিয়া ইউনিয়নের কাটাখালি গ্রামের কৃতী সন্তান ও বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের শিল্প বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম বিপ্লবের পিতা, উত্তর বিন্না সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব মো. শাহাদাৎ হোসেন আর নেই।
তিনি অদ্য দিবাগত রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটের সময় নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মাস্টার মো. শাহাদাৎ হোসেন একজন আদর্শবান শিক্ষক হিসেবে এলাকায় সুপরিচিত ছিলেন। দীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি অসংখ্য শিক্ষার্থীর জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ব্যক্তিজীবনে তিনি ছিলেন সৎ, পরহেজগার ও ধর্মভীরু মানুষ।
তাঁর ইন্তেকালের খবরে নেছারাবাদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। নেছারাবাদ প্রেসক্লাবের পক্ষ থেকেও মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।
নেছারাবাদ প্রেসক্লাবের নেতৃবৃন্দ এক শোক বার্তায় বলেন, মাস্টার মো. শাহাদাৎ হোসেন ছিলেন একজন আলোকিত মানুষ। তাঁর মৃত্যুতে সমাজ একজন গুণী শিক্ষক ও নৈতিক ব্যক্তিত্বকে হারালো।
মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও তাঁর শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সর্বস্তরের মানুষ।
