বরিশালের গৌরনদীতে ভুয়া এমবিবিএস চিকিৎসক সেজে দীর্ঘদিন ধরে জটিল সার্জারি করানোর অভিযোগে নেছারাবাদ উপজেলার বিষ্ণুকাঠির বাসিন্দা ফিরোজ আহম্মেদকে (৪৫) আটক করেছে গৌরনদীর উপজেলা প্রশাসন। সোমবার (১ ডিসেম্বর) দিবাগত রাতে গৌরনদী পৌর এলাকার আলহাজ নূর মোহাম্মদ মুন্সী হাসপাতালে এ অভিযান পরিচালনা করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ফিরোজ আহম্মেদ তিন মাস আগে হাসপাতালটি মাসে এক লাখ টাকা চুক্তিতে পাঁচ বছরের জন্য লিজ নিয়ে পরিচালনা শুরু করেন। তিনি নিজেকে ডা. আমিরুল ইসলাম পরিচয় দিয়ে জটিল রোগীদের অস্ত্রোপচার করতেন, যা রোগীদের জীবনের জন্য গুরুতর ঝুঁকি তৈরি করেছিল।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান জানান, গোপন সংবাদে ভিত্তিতে অভিযান চালিয়ে ফিরোজকে আটক করা হয়। তিনি বলেন, সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো ভুয়া চিকিৎসক হাসপাতালটিতে বহু জটিল সার্জারি করতেন। এতে রোগীদের জীবন মারাত্মক ঝুঁকির মধ্যে ছিল।
এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা না করে গুরুতর অপরাধ বিবেচনায় নিয়মিত মামলা দায়েরের জন্য অভিযুক্তকে গৌরনদী মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। থানা সূত্র জানিয়েছে, ফিরোজ আহম্মেদসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে নিয়মিত মামলা নেওয়ার প্রস্তুতি চলছে এবং মঙ্গলবার সকালে তাকে আদালতে পাঠানো হবে।
নেছারাবাদে তার গ্রামের লোকজন ঘটনাটি জানতে পেরে হতবাক ও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে।
