নিজস্ব প্রতিবেদক: সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের চলমান কর্মবিরতি স্থগিত হয়েছে। নবম গ্রেডে বেতন নির্ধারণ, দ্রুত স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর গঠনসহ চার দফা দাবিতে আন্দোলনরত শিক্ষকরা মঙ্গলবার রাতেই কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন। ফলে নেছারাবাদসহ দেশের সব সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে বুধবার (৩ ডিসেম্বর) থেকে বার্ষিক পরীক্ষা শুরু হবে।
সোমবার থেকে কর্মবিরতির কারণে নেছারাবাদের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতেও বার্ষিক পরীক্ষা স্থগিত ছিল। মঙ্গলবারও কোনো পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। পরীক্ষার তারিখ নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল।
রাতে আন্দোলনরত শিক্ষকদের প্ল্যাটফর্ম সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির (বাসমাশিস) কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুস সালাম গণমাধ্যমকে জানান, চলমান আন্দোলন আপাতত স্থগিত করা হয়েছে। বুধবার থেকে সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
শিক্ষক নেতা আব্দুস সালাম বলেন, বুধবার যদি কোনো স্কুলে শতভাগ শিক্ষার্থী উপস্থিত হয় সেক্ষেত্রে সেই স্কুলের বার্ষিক পরীক্ষা হবে। আর যদি কোনো স্কুলে কোনো কোনো শিক্ষার্থী অনুপস্থিত থাকে তাহলে স্কুল কর্তৃপক্ষ এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।
