নেছারাবাদের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে দীর্ঘ ছয় দিনের অচলাবস্থা শেষে অবশেষে পরীক্ষা স্বাভাবিকভাবে শুরু হয়েছে। প্রাথমিক সহকারী শিক্ষকরা চলমান ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি স্থগিত করায় আজ রবিবার থেকে পুনরায় তাদের অংশগ্রহণে পরীক্ষাগুলো গ্রহণ করা হচ্ছে। এতে শিক্ষার্থী, অভিভাবক ও বিদ্যালয় কর্তৃপক্ষ স্বস্তি ফিরে পেয়েছে।
গত সপ্তাহ থেকে সহকারী শিক্ষকরা বেতনস্কেল সংস্কার, পদোন্নতি ও গ্রেড সংশোধনসহ তিন দফা দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছিলেন। এর ফলে নেছারাবাদের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় পরীক্ষায় অংশগ্রহণের নির্দেশ দেয় এবং কর্মবিরতি অব্যাহত রাখলে আইনগত ব্যবস্থার হুঁশিয়ারি প্রদান করে। এছাড়াও বেশ কিছু ব্যবস্থা নেয়।এরপর শিক্ষক সংগঠনগুলো আলোচনার মাধ্যমে কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করে।
