সুটিয়াকাঠী প্রতিনিধি: পিরোজপুর-২ আসনে আল্লাহ নেয়ামত হিসেবে শামীম সাঈদিকে প্রার্থী দিয়েছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেছারাবাদ উপজেলার সেক্রেটারি মাওলানা আব্দুর রশিদ। এসময় তিনি শামীম সাঈদির জন্য প্রাণপণ চেষ্টা করে ভোট চাইতে এবং দিতে বলেছেন।
২১ নভেম্বর (শুক্রবার) সুটিয়াকাঠী ইউনিয়ন শাখা জামায়াতের আয়োজনে সুটিয়াকাঠী মাধ্যমিক বিদ্যালয় মাঠের সুধী সমাবেশে তিনি এই মন্তব্য করেন।
আব্দুর রশিদ তার বক্তব্যে বলেন, বাংলাদেশে গত ১৭ বছরে সবচেয়ে মজলুম ছিল বাংলাদেশ জামায়েতে ইসলাম। আমরা বাড়ি-ঘরে থাকতে পারি নাই। পুরো দেশ হয়ে গিয়েছিলো আমাদের জেলখানা। আমাদের কলিজার টুকরা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীসহ অনেক আলেম-ওলামাকে মিথ্যা মামলায় ফাসিতে ঝুলিয়ে দেয়া হয়েছে।
এসময় তিনি আরও বলেন, যেই আদালত থেকে আলেম-ওলামাকে শেষ করে দিয়েছে, সেই আদালতেই আজকে খুনী শেখ হাসিনার ফাসির রায় হয়েছে। আমরা কি শুধু ফাসির রায়ে সন্তুষ্ট? আমরা এই খুনী হাসিনাকে বাংলার জমিনে এনে ফাসির দাবি করছি।
এছাড়াও তিনি বলেন, জামায়াতের আমির আমাদেরকে ধৈর্য ধরতে বলেছেন। আর যারা চরম সীমা লঙ্ঘন করেছে, তাদেরকে আইনের হাতে সোপর্দ করতে বলেছেন। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবো।
