বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে মশাল মিছিল

নিজস্ব প্রতিবেদক: পিরোজপুর-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব আহম্মদ সোহেল মঞ্জুর সুমনের পরিবর্তে তৃণমূল থেকে অন্য কোনো নেতাকে ধানের শীষের মনোনয়ন দেওয়ার দাবিতে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) রাতে নেছারাবাদের বিএনপির একাংশের নেতৃত্বে আয়োজিত এ মিছিলে শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

রাত ৯টার দিকে সোহাগদল ইউনিয়নের বরছাকাঠি বদ্ধভূমির সামনে থেকে মশাল মিছিলটি শুরু হয়। এরপর মিছিলটি স্বরূপকাঠী সরকারি কলেজ চত্বরসহ উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। অংশগ্রহণকারীরা দলীয় প্রার্থী পরিবর্তনের দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দিতে দিতে এলাকা প্রদক্ষিণ করেন।

মিছিলে অনগশ নেয়া নেতাকর্মীদের দাবি, তৃণমূলের মতামত উপেক্ষা করে বাহিরের কাউকে মনোনয়ন দেওয়া হলে নির্বাচনী মাঠে সংগঠনের ঐক্য ক্ষতিগ্রস্ত হবে এবং দলীয় অবস্থান দুর্বল হয়ে পড়বে। তাদের মতে, স্থানীয়ভাবে গ্রহণযোগ্য এবং দীর্ঘদিন ধরে কাজ করা নেতাকে মনোনয়ন দেওয়া হলে সংগঠন আরও শক্তিশালী হবে এবং নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা সহজ হবে।

স্থানীয় রাজনৈতিক মহলে এ ঘটনাকে বিএনপির অভ্যন্তরীণ অসন্তোষের নতুন প্রকাশ হিসেবে দেখা হচ্ছে। মিছিলটি ঘিরে রাতে এলাকায় উত্তেজনা বিরাজ করলেও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *