মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর অবস্থানের কথা জানিয়ে ‘জিরো টলারেন্স’ ঘোষণা দিয়েছেন নেছারাবাদ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান।
আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার মাহমুদকাঠী বাজার এলাকায় এক সচেতনতামূলক পথসভায় তিনি এ ঘোষণা দেন।
পথসভায় স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে ওসি মেহেদী হাসান বলেন, “মাদক সমাজকে ধ্বংস করছে। মাদক নির্মূলে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। কোনোভাবেই মাদক ব্যবসা বা সেবনকারীদের ছাড় দেওয়া হবে না।”
তিনি আরও বলেন, ইভটিজিং ও বাল্যবিবাহের মতো সামাজিক অপরাধ রোধেও পুলিশের নজরদারি জোরদার করা হয়েছে। এসব অপরাধের তথ্য পুলিশকে জানিয়ে সহযোগিতা করার জন্য তিনি এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।
ওসি মেহেদী হাসান স্থানীয়দের উদ্দেশ্যে বলেন, “সমাজকে অপরাধমুক্ত রাখতে পুলিশের পাশাপাশি জনগণের সহযোগিতা অত্যন্ত জরুরি। আপনারা তথ্য দিলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”
পথসভায় উপস্থিত বাসিন্দারা মাদকমুক্ত ও নিরাপদ সমাজ গঠনে পুলিশের এ উদ্যোগকে স্বাগত জানান।
